
আগামী ১ ডিসেম্বর প্রথমবারের মতো চলবে ঢাকা-কক্সবাজার রুটের ট্রেন কক্সবাজার এক্সপ্রেস। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে একযোগে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে বিক্রি শুরুর এক ঘণ্টাতেই শেষ হয়ে গেছে ৩ দিনের টিকিট।
রেলওয়ে কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, আজ দেয়া হয় ১, ২ ও ৩ ডিসেম্বরের টিকিট। এরপর পর্যায়ক্রমে আগামীকাল শুক্রবার থেকে বিক্রি হবে পরের দিনগুলোর টিকিট। কিন্তু বিক্রি শুরুর প্রথম ঘণ্টাতেই ৩ দিনের টিকিট শেষ হয়ে যায়।
এর আগে, গত মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে এ রুটে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কথা থাকলেও সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ চলমান থাকায় তা হয়নি।
এদিকে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ১৩ কোচের বগি নিয়ে আগামী ১ ডিসেম্বর যাত্রা শুরু করবে। মোট টিকিটের সংখ্যা ৭০০টি। শোভন চেয়ারের দাম ধরা হয়েছে ৬৯৫ টাকা। এছাড়া এসি চেয়ার টিকিটের দাম ১৩২৫ টাকা। কেবিন ও এসি বার্থের সুবিধা আপাতত থাকছে না। পরবর্তীতে এসব সুবিধা সংযুক্ত হলে টিকিটের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ের তথ্যমতে, ঢাকা থেকে কক্সবাজার রুটে বিরতিহীন ট্রেন চালু করা হবে। ট্রেনটি রাত ১০টা ৩০ মিনিটে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে পরদিন ভোর ৬টা ৪০ মিনিটে কক্সবাজার আইকনিক স্টেশনে পৌঁছাবে। ৮ ঘণ্টা ১০ মিনিটের এই যাত্রা পথে শুধু ঢাকা বিমানবন্দর এবং চট্টগ্রাম স্টেশনে থামবে। ট্রেনটি একইভাবে বেলা ১টায় কক্সবাজার ছেড়ে রাত ৯টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
তবে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি নন-স্টপ হওয়ায় সাধারণ আন্তনগর ট্রেনের চেয়ে ভাড়া বেশি ধরা হয়েছে।










