
ডিজিটাল দুনিয়ায় ব্যক্তিগত পরিচয়, মত প্রকাশ, ব্যবসা কিংবা পেশাগত ব্র্যান্ড গড়ে তোলার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এখন অপরিহার্য মাধ্যম। এই তালিকায় দিন দিন গুরুত্ব বাড়ছে এক্সের (সাবেক টুইটার)। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি নিয়ে যেমন আলোচনা-সমালোচনা থেমে নেই, তেমনি অনেক ব্যবহারকারীর মধ্যেই একটি ধারণা তৈরি হয়েছে—ফেসবুক বা ইনস্টাগ্রামের তুলনায় এক্স নাকি তুলনামূলক বেশি নিরাপদ এবং হ্যাকারদের ধরাছোঁয়ার বাইরে।
তবে বাস্তবতা পুরোপুরি ভিন্ন। উন্নত নিরাপত্তা ব্যবস্থা থাকলেও এক্সও হ্যাকিংয়ের ঝুঁকি থেকে মুক্ত নয়। মাঝেমধ্যেই শোনা যাচ্ছে এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর—কখনো তারকা, কখনো রাজনীতিক, আবার কখনো সাধারণ ব্যবহারকারীর। ডিজিটাল যোগাযোগের এই যুগে যেখানে সোশ্যাল মিডিয়া অনেকের জন্য জীবিকা, ব্যবসা কিংবা পরিচয়ের বড় মাধ্যম, সেখানে একটি অ্যাকাউন্ট হ্যাক হওয়া মানেই বড় ধরনের আর্থিক ও সামাজিক ক্ষতির আশঙ্কা।
এই প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—এক্স কি আদৌ হ্যাক করা যায়? হ্যাক হলে কত সময় লাগে অ্যাকাউন্ট উদ্ধার করতে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ব্যবহারকারীর করণীয় কী? বিশেষজ্ঞদের মতামত ও এক্স হেল্প সেন্টারের নির্দেশনা অনুযায়ী জেনে নেওয়া যাক বিস্তারিত।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এক্সের নিজস্ব সার্ভার তুলনামূলকভাবে বেশ নিরাপদ। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহারকারীর অসচেতনতার সুযোগ নিয়েই হ্যাকাররা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। দুর্বল পাসওয়ার্ড, ফিশিং লিংক, ভুয়া ই-মেইল কিংবা তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমেই মূলত এসব ঘটনা ঘটে।
এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সাধারণ কারণগুলো হলো—
০১। একই পাসওয়ার্ড একাধিক প্ল্যাটফর্মে ব্যবহার করা
০২। টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু না রাখা
০৩। ভুয়া ই-মেইল বা ডাইরেক্ট মেসেজের লিংকে ক্লিক করা
০৪। অচেনা থার্ড-পার্টি অ্যাপকে অ্যাক্সেসের অনুমতি দেওয়া
০৫। পাবলিক বা অসুরক্ষিত ওয়াই-ফাই ব্যবহার করা
অনেক সময় ব্যবহারকারী বুঝতেই পারেন না যে তার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। তবে কিছু লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে সতর্ক হওয়া জরুরি—
০১। আপনার অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট প্রকাশিত হওয়া, যা আপনি নিজে দেননি
০২। আপনার অজান্তেই অন্য কাউকে ডাইরেক্ট মেসেজ পাঠানো
০৩। অনুমতি ছাড়াই কাউকে ফলো, আনফলো বা ব্লক করা
০৪। এক্স থেকে নোটিফিকেশন আসা যে আপনার অ্যাকাউন্ট ঝুঁকিতে রয়েছে
০৫। এক্স জানানো যে আপনার অ্যাকাউন্টের তথ্য পরিবর্তন করা হয়েছে, অথচ আপনি তা করেননি
০৬। হঠাৎ করে পাসওয়ার্ড কাজ না করা এবং নতুন পাসওয়ার্ড সেট করতে বলা
এ ধরনের যেকোনো একটি লক্ষণ দেখা দিলেই ধরে নিতে হবে অ্যাকাউন্ট ঝুঁকিতে রয়েছে।
এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে তা পুনরুদ্ধারে সময় নির্ভর করে পরিস্থিতির ওপর। দ্রুত রিপোর্ট করা হলে এবং অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইল ও ফোন নম্বরে প্রবেশাধিকার থাকলে সাধারণত ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যেই অ্যাকাউন্ট ফেরত পাওয়া যায়।
তবে হ্যাকার যদি ই-মেইল, পাসওয়ার্ড বা নিরাপত্তা সেটিংস পরিবর্তন করে ফেলে, তাহলে ৩ থেকে ৭ দিন বা তারও বেশি সময় লাগতে পারে। অনেক ক্ষেত্রে এক্সের সাপোর্ট সিস্টেম ধীরগতির হওয়ায় ব্যবহারকারীদের দীর্ঘ অপেক্ষার মুখে পড়তে হয়।
হ্যাক হওয়ার আশঙ্কা দেখা দিলে দেরি না করে দ্রুত কিছু পদক্ষেপ নেওয়া জরুরি—
০১। লগইন সম্ভব হলে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড পরিবর্তন করুন
০২। নিশ্চিত করুন, আপনার ই-মেইল অ্যাকাউন্টটি নিরাপদ এবং শুধু আপনারই এতে প্রবেশাধিকার আছে
০৩। এক্সের অফিসিয়াল অ্যাকাউন্ট রিকভারি ফর্ম পূরণ করুন
০৪। এক্সের সঙ্গে যুক্ত ই-মেইল অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করুন
০৫। সন্দেহজনক পোস্ট বা ডিএম পাঠানো হয়ে থাকলে ফলোয়ারদের সতর্ক করুন
০৬। সব ধরনের থার্ড-পার্টি অ্যাপের অ্যাক্সেস বাতিল করুন
সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, প্রায় ৯০ শতাংশ সোশ্যাল মিডিয়া হ্যাকিংয়ের ঘটনা ঘটে ব্যবহারকারীর অসচেতনতার কারণে। সামান্য সচেতনতা ও সঠিক নিরাপত্তা অভ্যাসই বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।
হ্যাকিংয়ের ঝুঁকি কমাতে যা করবেন—
০১। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন
০২। অন্তত ১২–১৬ অক্ষরের পাসওয়ার্ড নির্বাচন করুন
০৩। বড় ও ছোট হাতের অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্নের সমন্বয় রাখুন
০৪। টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু করুন
০৫। এসএমএসের পরিবর্তে অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করুন
০৬। ফিশিং লিংক থেকে সতর্ক থাকুন
০৭। ‘অ্যাকাউন্ট সাসপেন্ড হবে’ বা ‘ভেরিফিকেশন প্রয়োজন’—এ ধরনের বার্তায় হুট করে ক্লিক করবেন না
০৮। থার্ড-পার্টি অ্যাপ নিয়মিত যাচাই করুন (Settings → Security → Apps and Sessions)
০৯। অপ্রয়োজনীয় বা অচেনা অ্যাপের অ্যাক্সেস বাতিল করুন
১০। ডিভাইস ও ইন্টারনেট নিরাপত্তা নিশ্চিত করুন
১১। ফোনের অপারেটিং সিস্টেম ও ব্রাউজার নিয়মিত আপডেট রাখুন
১২। পাবলিক কম্পিউটার বা উন্মুক্ত ওয়াই-ফাইয়ে এক্সে লগইন এড়িয়ে চলুন
সূত্র : এক্স হেল্প সেন্টার










