
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন বলেছেন, এই জনস্রোতই প্রমাণ করে চান্দিনার মানুষ পরিবর্তন চায় এবং তারা সঠিক নেতৃত্ব বেছে নিতে প্রস্তুত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে কলস প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য তিনি সাধারণ ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
আজ (৬ ফেব্রুয়ারি) উপজেলার কংগাই উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের নির্বাচনী জনসভা এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে।
নির্ধারিত সময়ের অনেক আগেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক প্রচার-প্রচারণা এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্কুল মাঠ উপচে লোকালয় পর্যন্ত জনস্রোত ছড়িয়ে পড়ে। পুরো এলাকায় এসময় ‘কলস’ প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী (কলস প্রতীক) আতিকুল আলম শাওন উপস্থিত জনতার উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য রাখেন।
তিনি বলেন, এই জনস্রোতই প্রমাণ করে চান্দিনার মানুষ পরিবর্তন চায় এবং তারা সঠিক নেতৃত্ব বেছে নিতে প্রস্তুত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে কলস প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য তিনি সাধারণ ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
শাওন তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে, নির্বাচনকে কেন্দ্র করে অনেক বাধা-বিপত্তি ও ষড়যন্ত্র হতে পারে, কিন্তু সাধারণ মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই জয়যাত্রা রুখতে পারবে না। তিনি সকল ভয়ভীতি ও বাধা অতিক্রম করে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন এবং এলাকার উন্নয়নের স্বার্থে কলস প্রতীকের পক্ষে একজোট হয়ে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের এই বিশাল জনসমাগম কুমিল্লা-৭ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে এবং স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলেছে।










