শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

এইচএসসি–আলিম ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

রাইজিং কুমিল্লা অনলাইন

প্রতীকী ছবি/সংগৃহীত

চলতি বছরের এইচএসসি–আলিম এবং সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে।

আজ রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় এই ফল ঘোষণা করা হয়েছে।

দেশের নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশিত হয়েছে। পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীরা একই সঙ্গে এসএমএসের মাধ্যমে তাদের ফল জানতে পারবে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এই তথ্য নিশ্চিত করেছেন।

এবার পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। দেশের ১১টি শিক্ষাবোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতার পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। এর মধ্যে সর্বাধিক আবেদন এসেছে ঢাকা শিক্ষা বোর্ডে, আর সর্বনিম্ন বরিশাল বোর্ডে।

বিষয়ভিত্তিকভাবে, ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়গুলোতে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে।

মুল ফল প্রকাশের পর, ১৭ থেকে ২৩ অক্টোবর শিক্ষার্থীরা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পেরেছিলেন। প্রতি বিষয়ের জন্য আবেদন ফি ছিল ১৫০ টাকা।

উল্লেখ্য, এ বছর দেশে ৯ হাজার ১৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, পাসের হার ৫৮.৮৩ শতাংশ। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন (৪১.১৭ শতাংশ)। ছাত্রীদের পাসের হার ৬২.৯৭ শতাংশ, আর ছাত্রদের ৫৪.৬০ শতাংশ।

আরও পড়ুন