রবিবার ১ মার্চ, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, একাধিক দেশের আকাশসীমা বন্ধ

বাসস

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, একাধিক দেশের আকাশসীমা বন্ধ
২০২৬ সালের ২৮শে ফেব্রুয়ারি ইরানের তেহরানে এক বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলী উঠে আসছে।/ছবি: গেটি ইমেজ।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির প্রেক্ষাপটে শনিবার ইরানসহ অঞ্চলের বেশ কয়েকটি দেশ আকাশসীমা আংশিক বা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। এর ফলে হাজারো আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইরান, ইরাক, ইসরায়েল, সিরিয়া, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত আকাশসীমা আংশিক বা পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে। তেহরানে ধোঁয়া উঠতে দেখা যাওয়ার পর এবং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। উপসাগরীয় অঞ্চলের কয়েকটি রাজধানীতে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা আকাশে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের গতিবিধি দেখতে পান।

ইরান ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ পুরো আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। ইসরায়েলও বেসামরিক ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ রেখেছে। কাতার সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করেছে এবং ইরাক পুরো আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। সংযুক্ত আরব আমিরাত আংশিক ও সাময়িকভাবে আকাশপথ বন্ধ রেখেছে। সিরিয়া ইসরায়েল সীমান্তসংলগ্ন দক্ষিণাঞ্চলের আকাশপথ ১২ ঘণ্টার জন্য বন্ধ করেছে। কুয়েতও আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এদিকে জর্ডানের বিমানবাহিনী দেশের আকাশসীমা সুরক্ষায় মহড়া চালিয়েছে।

পরিস্থিতির প্রভাবে একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে। কাতার এয়ারওয়েজ দোহা থেকে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। রাশিয়ার রোসাভিয়াতসিয়া ইসরায়েল ও ইরানে সব বাণিজ্যিক ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করেছে। এয়ার ইন্ডিয়া মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে ফ্লাইট স্থগিত করেছে। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, দোহা ও কুয়েতে ফ্লাইট বন্ধ রেখেছে। তুর্কি এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের ১০টি দেশে ফ্লাইট স্থগিত করেছে।

এয়ার ফ্রান্স দুবাই, রিয়াদ ও বৈরুতগামী শনিবারের ফ্লাইট বাতিল করেছে এবং তেলআবিবে ফ্লাইট রবিবার পর্যন্ত স্থগিত রেখেছে। ব্রিটিশ এয়ারওয়েজ তেলআবিব ও বাহরাইনে ফ্লাইট ৪ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। লুফথানসা তেলআবিব, বৈরুত, আম্মান, এরবিল ও তেহরানগামী ফ্লাইট ৭ মার্চ পর্যন্ত বাতিল করেছে। এছাড়া এয়ার আলজেরি, নরওয়েজিয়ানসহ আরও কয়েকটি সংস্থা দুবাইসহ বিভিন্ন গন্তব্যে ফ্লাইট স্থগিত করেছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, জিএমটি ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্বব্যাপী ১১ হাজার ২০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং এক হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

পরিস্থিতির অবনতি হলে আকাশপথে চলাচল আরও ব্যাহত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

আরও পড়ুন