বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬

ইমু–ফেসবুক ব্যবহার করে ব্ল্যাকমেইল, কুমিল্লার তিতাসে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Youth arrested in Titas, Comilla for blackmailing using Emu-Facebook
ইমু–ফেসবুক ব্যবহার করে ব্ল্যাকমেইল, কুমিল্লার তিতাসে যুবক গ্রেফতার/ছবি: কুমিল্লা জেলা পুলিশের সৌজন্যে

কুমিল্লার তিতাস উপজেলায় ইমু ও ফেসবুক ব্যবহার করে এক পরিবারকে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবি করার অভিযোগে মোঃ সোহানুর রহমান ওরফে ইয়াকুব ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশ ও সাইবার টিম।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার সূত্রপাত গত ২৫ নভেম্বর। ওইদিন ভিকটিমের ইমু অ্যাকাউন্টে ‘Accounts Found’ নামের একটি ভুয়া আইডি থেকে বার্তা পাঠিয়ে বলা হয়—তার স্বামীর ফেসবুক ও মেসেঞ্জার চেক করতে; না হলে ‘সমস্যা’ হবে। পরে ভিকটিম মেসেঞ্জার চেক করে দেখতে পান, একটি অজ্ঞাত ফেসবুক আইডি থেকে তার ব্যক্তিগত সংবেদনশীল ছবি ও ভিডিও পাঠানো হয়েছে। একই ধরনের ছবি-ভিডিও ইমুতেও পাঠানো হয়।

পরে প্রতারকরা এসব ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৬,০০,০০০ টাকা চাঁদা দাবি করে। শুধু তাই নয়, স্থানীয় কয়েকজনকে একটি গ্রুপে যুক্ত করে সেসব ছবি–ভিডিও পাঠিয়ে ভিকটিম পরিবারকে মানহানির ভয় দেখানো অব্যাহত রাখে।

পুলিশ আরও জানায়, পরবর্তীতে ‘Wahidul Siam’ নামের আরেকটি ইমু আইডি থেকেও একই ধরনের হুমকি ও কনটেন্ট পাঠানো হয়। টাকা পাঠানোর জন্য তারা 1Xbet অনলাইন অ্যাপের একটি অ্যাকাউন্ট আইডি ও পাসওয়ার্ড দেয়।

ঘটনার তদন্তে মেটা ও সাইবার প্রযুক্তির সহায়তা নিয়ে প্রতারণায় ব্যবহৃত ফেসবুক ও ইমু অ্যাকাউন্টগুলোর তথ্য সংগ্রহ করে সোহানুর রহমানকে শনাক্ত করে পুলিশ।

এরপর ১০ ডিসেম্বর সকালে তিতাস থানার দক্ষিণ বলরামপুর এলাকায় তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ঘটনার সঙ্গে ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রেফতারের পর আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন