
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ইউনিয়ন পরিষদে সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা দুর্ব্যবহারের শিকার না হন—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় দেবিদ্বার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলার ১৪টি ইউনিয়নের সচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে অবশ্যই সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে অনেক সময় নারীরা অভিযোগ করেন, পরিষদে গেলে তাদের সঙ্গে যথাযথভাবে কথা বলা হয় না কিংবা খারাপ আচরণ করা হয়। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, মানুষ প্রতিদিন ইউনিয়ন পরিষদে আসে না। সাধারণত কোনো প্রয়োজন বা বিপদের সময়ই তারা সেবা নিতে আসে। তাই সেবা নিতে আসা মানুষদের সঙ্গে আন্তরিক ও মানবিক আচরণ করা সংশ্লিষ্টদের দায়িত্ব।
বিদেশগামী শ্রমিকদের প্রসঙ্গ তুলে এমপি বলেন, দেবিদ্বার এলাকার অনেক মানুষ জীবিকার তাগিদে বিদেশে যান। তাদের বেশিরভাগই নিম্ন আয়ের পরিবারের সদস্য। বিদেশ যাওয়ার আগে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে তারা ইউনিয়ন পরিষদে আসেন। এ সময় যদি তারা কোনো ধরনের হয়রানির শিকার হন, তবে তা তাদের মনে দীর্ঘদিন ক্ষোভের জন্ম দেয়।
সভায় তিনি ভূমি অফিস ও তফসিল অফিসসংক্রান্ত বিভিন্ন অভিযোগের কথাও উল্লেখ করেন এবং সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।
ইউনিয়ন সচিব ও প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কোনো চেয়ারম্যান বা সদস্য যদি নিয়মবহির্ভূত কোনো কাজ করতে চাপ দেন, তাহলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করতে হবে।
এ সময় তিনি জন্মনিবন্ধনসংক্রান্ত অনিয়মের বিষয়েও সতর্ক করেন। তিনি বলেন, অনেক সময় কিছু নাগরিক নিজেদের প্রয়োজনে জন্মনিবন্ধনের বয়স পরিবর্তনের জন্য অনৈতিক প্রস্তাব দেন বা টাকা দেওয়ার চেষ্টা করেন। এ ধরনের অনিয়মকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।
মতবিনিময় সভায় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সচিব ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









