বুধবার ১১ মার্চ, ২০২৬

আলিয়াকে কটাক্ষ করা ‘সুযোগসন্ধানী’ বলা পোস্টে অনন্যা পান্ডের লাইক

বিনোদন ডেস্ক

Rising Cumilla - Alia Bhatt-Ananya Panday
আলিয়া ভাট ও অনন্যা পান্ডে/ছবি: সংগৃহীত

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ আলিয়া ভাটকে ‘সুযোগসন্ধানী’ বলে আখ্যা দিলে, সেই পোস্টে লাইক দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন অনন্যা। বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিতর্কের সূত্রপাত হয় আলিয়া ভাটের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে। সেখানে তিনি সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হক’-এ ইয়ামি গৌতমের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন এবং নিজেকে তার ‘ফ্যান’ বলে দাবি করেন। কিন্তু আলিয়ার এই প্রশংসা ভালোভাবে নিতে পারেননি নেটাগরিকদের একাংশ।

তাদের দাবি, ‘ধুরন্ধর’ সিনেমার নির্মাতা আদিত্য ধরের পরবর্তী ছবিতে কাজ পাওয়ার লক্ষ্যেই আলিয়া তার স্ত্রী ইয়ামি গৌতমকে প্রকাশ্যে প্রশংসা করছেন। এখান থেকেই শুরু হয় বিতর্ক।

নেটিজেনদের প্রশ্ন আরও জোরালো হয় আরেকটি বিষয় সামনে আসায়। রণবীর সিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকা সত্ত্বেও ‘ধুরন্ধর’ সিনেমার মুক্তির আগে বা পরে কোনো শুভেচ্ছাবার্তা দেননি আলিয়া ভাট। এই নীরবতার পেছনে কারণ হিসেবে আলোচনায় আসে আলিয়ার সৎভাই রাহুল ভাটের সঙ্গে ২৬/১১ মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলির যোগাযোগের বিষয়টি। অনেকের মতে, এই সংবেদনশীল কারণেই ‘ধুরন্ধর’ নিয়ে কোনো পোস্ট এড়িয়ে গিয়েছিলেন ভাটকন্যা।

তবে পরিস্থিতি বদলায় তখনই, যখন আদিত্য ধরের পরিচালিত ছবিটি হাজার কোটির গণ্ডি পার করতে না পারলেও আলিয়া হঠাৎ করেই শুভেচ্ছাবার্তা জানান। গত দুদিন ধরেই এই বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়।

এই প্রেক্ষাপটেই নেটিজেনদের একাংশ দাবি তোলে—আদিত্য ধরের ছবিতে সুযোগ পাওয়ার আশাতেই এবার ইয়ামি গৌতমের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আলিয়া। সেই দাবি সম্বলিত একটি পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়, যেখানে ‘লাইক’ দিতে দেখা যায় অনন্যা পান্ডেকেও।

প্রসঙ্গত, বর্তমানে আলিয়া ভাট ও অনন্যা পান্ডের সম্পর্ক যে খুব একটা ভালো নয়, তা বলিউড অন্দরে ওপেন সিক্রেট। এর পেছনে কারণ হিসেবে উঠে আসে গত বছর অনুষ্ঠিত ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেখানে অনন্যাকে দেখেও না চেনার ভান করেন আলিয়া ভাট। শুধু তাই নয়, ভিকি কৌশলকে দেখতে পেয়ে তাকে পাশ কাটিয়ে চলে যান তিনি।

এই ঘটনাগুলোর জের ধরেই নেটিজেনদের ধারণা—ব্যক্তিগত ক্ষোভ থেকেই হয়তো আলিয়াকে ‘সুযোগসন্ধানী’ বলে কটাক্ষ করা পোস্টে সমর্থন জানিয়েছেন অনন্যা পান্ডে।

আরও পড়ুন