
সংযুক্ত আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে কুমিল্লার এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টা (স্থানীয় সময় ভোর ৬টা) দেশটির দিব্বা আল-ফুজাইরাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শাহ আলম ভুঁইয়া (৫০) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের ইসমাইল ভুঁইয়া বাড়ির হানিফ ভুঁইয়ার মেজ ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার ভোরে দিব্বা আল-ফুজাইরাহ এলাকায় হঠাৎ বিপদসংকেত (সাইরেন) বাজানো হলে স্থানীয় লোকজন নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেন।
এ সময় শাহ আলম ভুঁইয়া কাজে যাওয়ার পথে ছিলেন। হঠাৎ করে ড্রোনের ধ্বংসাবশেষ এসে তার ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, ইরান থেকে ছোড়া একটি ড্রোন প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ ওই এলাকায় গিয়ে পড়ে এবং এই দুর্ঘটনা ঘটে।
এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণপাড়ায় নিহতের বাড়িতে শোকের মাতম নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয়রা দ্রুত নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।









