
কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার বলেছেন, আমার মেয়ের (তাহ্সীন বাহার সূচনা) জীবনের জন্য এটা একটা টার্নিং পয়েন্ট। আমার মেয়েও কুমিল্লার মানুষের জন্য কাজ করবে। আমার তৈরি সিটি কর্পোরেশনে (কুসিক) একজন সৎ, শিক্ষিত মেয়র দিয়েছি এর চেয়ে বড় অনুভূতি আর কিছু নেই।
শনিবার (৯ মার্চ) রাতে নির্বাচনের ফল ঘোষণার পর কুমিল্লা ক্লাবের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এমপি বাহার বলেন, কুমিল্লা এখন একটি যানজটের শহরে পরিণত হয়েছে, ওয়াটার লগিংয়ের শহরে পরিণত হয়েছে। আমি এবং আমার মেয়ে যদি পরিকল্পিতভাবে কাজ করতে পারি তাহলে কুমিল্লার মানুষ অনেক কিছু পাবে।
তিনি আরও বলেন, আমার মেয়েকে (তাহ্সীন বাহার সূচনা) কুমিল্লা সিটি মেয়র নির্বাচিত করার মধ্য দিয়ে ১৫৭ বছরের মধ্যে একটা ইতিহাস সৃষ্টি করেছি। এই বিজয়ের মধ্য দিয়ে কুমিল্লায় রাজনীতির একটি সুষ্ঠু ধারা সৃষ্টি হবে।
প্রসঙ্গত, শনিবার (৯ মার্চ) কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী মোট ১০৫টি মধ্যে ডা. তাহ্সীন বাহার সূচনা বাস প্রতীকে ৪৮ হাজার ৮৯০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামান সাক্কু ঘটি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট।
অপর দুই প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট এবং নূর উর রহমান মাহমুদ তানিম হাতি প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট। কুমিল্লা সিটির মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৯৪ হাজার ১১৫ জন। ভোটের হার ৩৮ দশমিক ৮২ শতাংশ।








