
সামাজিক মাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম, যিনি ‘হিরো আলম’ নামে অধিক পরিচিত, আনুষ্ঠানিকভাবে একটি রাজনৈতিক দলে যোগদান করেছেন। তিনি মো. তারেক রহমানের হাতে ফুল দিয়ে আমজনতার দলে নিজের যোগদানের বিষয়টি নিশ্চিত করেন।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন হিরো আলম নিজেই।
এ বিষয়ে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ কারণে এবার আর স্বতন্ত্র প্রার্থী না হয়ে রাজনৈতিক দলের ব্যানারেই নির্বাচন করতে চেয়েছেন। তিনি জানান, যোগদানের আগ্রহ নিয়ে ইতোমধ্যে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে তার কথা হয়েছে। তবে আদর্শগত মিল না পাওয়ায় তিনি সেসব দলে যোগ দেননি।
হিরো আলম বলেন, “তারেক ভাইয়ের সঙ্গে বেশ কয়েকবার আলাপ হয়েছে। আলোচনা ও বোঝাপড়ার পর শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছেছি।”
তিনি আরও জানান, আসন্ন সংসদ নির্বাচনে আমজনতার দলের প্রার্থী হিসেবেই নির্বাচন করবেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজই একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলেও জানান তিনি।









