
দেশে ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এর আগে গত ২ অক্টোবর ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় এলপিজির দাম। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়।
একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়ায় বিইআরসি। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার নির্ধারণ করা হয় ৬২ টাকা ৫৪ পয়সা।










