শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

আপিলও খারিজ, নির্বাচন করতে পারছেন না কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Appeal dismissed, BNP candidate from Comilla-4 constituency can run
আপিলও খারিজ, নির্বাচন করতে পারছেন কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী/ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পাওয়ার শেষ চেষ্টা ব্যর্থ হয়েছে। তার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তিনি আর এই নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

এই আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বিএনপি মনোনীত প্রার্থী না থাকায় এখন তার বিপক্ষে শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বী থাকছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেন হাসনাত আবদুল্লাহ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি বিকেলে কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে মঞ্জুরুল আহসান মুন্সী হাইকোর্টে রিট দায়ের করেন। তবে ২১ জানুয়ারি হাইকোর্ট সরাসরি তার রিট খারিজ করে দেন এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখেন।

এরপর তিনি আপিল বিভাগের শরণাপন্ন হয়ে লিভ টু আপিল দায়ের করেন। কিন্তু সর্বশেষ আপিল বিভাগও সেই আবেদন খারিজ করে দেওয়ায় আইনগতভাবে তার নির্বাচনে অংশ নেওয়ার পথ চূড়ান্তভাবে বন্ধ হয়ে গেল।

আরও পড়ুন