বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ পালনে দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমিরের

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Shafiqur Rahman
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান | ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান মহান ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ১৯৫২ সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলন জাতির চিরন্তন গৌরবের উৎস। তৎকালীন শাসকগোষ্ঠীর নির্দেশে মিছিলে নির্বিচারে গুলি চালানো হলে বহু মানুষ শাহাদাত বরণ করেন। ভাষা শহীদদের আত্মত্যাগের কথা জাতি কৃতজ্ঞতার সঙ্গে চিরকাল স্মরণ রাখবে—এমন মন্তব্য করে তিনি তাদের রূহের মাগফিরাত কামনা করেন।

তিনি উল্লেখ করেন, ২১ ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি দিবস এবং এটি ভাষা শহীদদের প্রতি বিশ্ববাসীর অনন্য শ্রদ্ধার প্রতীক। তবে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। নিজস্ব ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের মাধ্যমেই ভাষা আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বিরোধী দলীয় নেতা বলেন, দেশ এমন এক সময়ে ভাষা দিবস পালন করতে যাচ্ছে যখন তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, বিগত পতিত ফ্যাসিবাদের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করার বিভিন্ন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানান।

বিবৃতিতে তিনি আরও বলেন, দেশের মানুষের প্রত্যাশা—নতুন সরকার প্রকৃত গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করবে। বিশেষ করে ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা যেন অবারিত থাকে, সে বিষয়ে সরকারকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি সাধারণ মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করাকে বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।

সবশেষে, ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজনের মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সকল শাখা এবং দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

আরও পড়ুন