
রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন।
আজ শনিবার (২০ জানুয়ারি) পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবেশন সেন্টারে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ (ডিআইটিএফ) উপলক্ষে সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেখানেই এ তথ্য জানিয়েছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
জানানো হয়, ২১ জানুয়ারি ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ উদ্বোধন করা হবে। এবারের বাণিজ্য মেলার প্রবেশ টিকিট মূল্য গতবারের চেয়ে ১০ টাকা বাড়িয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর শিশুদের টিকিটের মূল্য ২০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০ টাকা।
মেলায় ১০ ক্যাটাগরিতে ৩০০টি স্টল, ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন ও ১২টি বিদেশি স্টল থাকবে। দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশের পণ্য প্রদর্শিত হবে।
দর্শনার্থীদের জন্য রাজধানীর কুড়িল থেকে ৫০টি বিআরটিসি শাটল বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে।
আরও জানানো হয়েছে, এ বছর বাড়ানো হয়েছে বাসের সার্ভিস রুট। ফার্মগেট থেকে মেলা পর্যন্ত দর্শনার্থীদের নিয়ে যাতায়াত করবে বিআরটিসি পরিবহন।
জানা গেছে, মেলা ঘিরে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সিসি ক্যামেরার পাশাপাশি থাকবে ওয়াচ টাওয়ার ও পুলিশ কন্ট্রোল রুম। স্থানীয় জনপ্রতিনিধি ও ইজারাদারের পক্ষ থেকেও মাঠে থাকবে স্বেচ্ছাসেবক টিম।
মেলার প্রধান ফটক বঙ্গবন্ধু টানেলের আদলে নির্মাণ করা হয়েছে। ফটকের সামনে সরকারের উন্নয়নের নানা চিত্র তুলে ধরা হয়েছে। স্টলে-স্টলে শেষ মুহূর্তের সাজসজ্জা চলছে।










