
বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিবকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে আইপিএলকে সামনে রেখে। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের আগে আয়োজিত মক নিলামে তিনি গুজরাট ফ্র্যাঞ্চাইজির দলে জায়গা পেয়েছেন ৭৫ লাখ রুপির ভিত্তিমূল্যে।
আইপিএলের মূল নিলামের আগে ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে এই মক নিলামের আয়োজন করা হয়। দ্বিতীয় দিনের মক নিলামে তানজিম হাসান সাকিবের নাম তোলা হলে গুজরাট ফ্র্যাঞ্চাইজি একমাত্র দল হিসেবে বিডে অংশ নেয় এবং কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তাকে ৭৫ লাখ রুপিতে দলে ভেড়ায়।
এর আগে মক নিলামের প্রথম পর্বে আলোচনায় এসেছিলেন বাংলাদেশের আরেক পেসার মোস্তাফিজুর রহমান। ২ কোটি রুপির ভিত্তিমূল্যে শুরু হওয়া তার জন্য চেন্নাই ও বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির মধ্যে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি ৩ কোটি ৫০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয়।
আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএল মিনি নিলাম। এই নিলামে মোট সাতজন বাংলাদেশি ক্রিকেটারের নাম অন্তর্ভুক্ত রয়েছে। তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান ছাড়াও তালিকায় আছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা।
মক নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ দেখা যাওয়ায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। এখন সবার অপেক্ষা, এই আগ্রহ কতটা বাস্তব রূপ পায় মূল নিলামে।










