
বাংলাদেশের প্রবাসী আয়ের প্রচলিত উৎসের বাইরে নতুন সম্ভাবনা তৈরি করছে অস্ট্রেলিয়া ও কানাডা। মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোর পাশাপাশি উন্নত এই দুই দেশ থেকেও বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) অস্ট্রেলিয়া ও কানাডা থেকে দেশে এসেছে ১৭ কোটি ২৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে অস্ট্রেলিয়া থেকে ৯ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ডলার এবং কানাডা থেকে ৭ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। দুই দেশ থেকে আসা এই অর্থ দেশের মোট প্রবাসী আয়ের প্রায় ১ দশমিক ৫ শতাংশ। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ডলার।
মাসভিত্তিক হিসাবে দেখা যায়, অস্ট্রেলিয়া থেকে জুলাই মাসে ২ কোটি ১৩ লাখ ডলার, আগস্টে ২ কোটি ২১ লাখ ৪০ হাজার, সেপ্টেম্বরে ২ কোটি ৫৯ লাখ ৩০ হাজার এবং অক্টোবরে ২ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।
অন্যদিকে, কানাডা থেকে জুলাইয়ে ১ কোটি ৭০ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার, সেপ্টেম্বরে ২ কোটি ১০ লাখ এবং অক্টোবরে ২ কোটি ২৯ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। অর্থাৎ, দুই দেশ থেকেই মাসভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ যুক্ত হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বৈদেশিক মুদ্রার স্থিতিশীল প্রবাহ বজায় রাখতে রেমিট্যান্সের উৎসে বৈচিত্র্য আনা গুরুত্বপূর্ণ। বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানো সহজ ও আকর্ষণীয় করতে সরকার ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে। পাশাপাশি হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানো নিরুৎসাহিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।
তবে এখনো বাংলাদেশের রেমিট্যান্সের প্রধান উৎস হিসেবে রয়েছে মধ্যপ্রাচ্য ও ইউরোপের কয়েকটি দেশ। প্রথম চার মাসে সর্বোচ্চ ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার এসেছে সৌদি আরব থেকে। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার।
অর্থনীতিবিদ ও অভিবাসন বিশেষজ্ঞদের মতে, অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত দেশগুলোতে বাংলাদেশি দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গেলে রেমিট্যান্সের নতুন বাজার আরও বিস্তৃত হবে। বিশেষ করে উচ্চশিক্ষিত ও দক্ষ পেশাজীবীদের জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে সুযোগ তৈরি করা গেলে এসব দেশ থেকে প্রবাসী আয় বাড়ার সম্ভাবনা রয়েছে।










