
শাহনাজ গিল জানিয়েছেন, কোনো সহ-অভিনেতা তাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগলে তিনি তার থেকে দূরত্ব বজায় রাখেন। এমন পরিস্থিতিতে অভিনয়ের সম্পর্কের বাইরে আর কোনো ব্যক্তিগত সম্পর্ক রাখতে চান না বলেও জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহনাজকে প্রশ্ন করা হয়, কোনো সহ-অভিনেতা তাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগলে তিনি কীভাবে পরিস্থিতি সামলান। উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমাকে নিয়ে কেউ নিরাপত্তাহীনতায় ভুগলে, আমি তার থেকে অনেক দূরেই থাকি। তখন শুধু অভিনয়টুকুই করি। অভিনয়ের বাইরে আর কোনো সম্পর্ক রাখি না।’
তবে সব সহ-অভিনেতার সঙ্গে যে তার এমন অভিজ্ঞতা হয়েছে, তা নয়। ‘সিংহ ভার্সেস কৌর ২’ ছবিতে গিপ্পি গ্রেবালের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে শাহনাজ জানান, তারা দুজন সব সময় একে অপরকে সহযোগিতা করেছেন। এমনকি ভবিষ্যতে কীভাবে নিজেদের কর্মজীবনে আরও এগিয়ে যাওয়া যায়, তা নিয়েও তারা পরস্পরের সঙ্গে পরামর্শ করেছেন।
শাহনাজ মনে করেন, সহ-অভিনেতাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হলে এর প্রভাব শুধু ব্যক্তিগত সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এর প্রভাব পড়ে পুরো ছবির কাজের পরিবেশেও।
অভিনেত্রীর ভাষায়, ‘যেখানে এই নিরাপত্তাহীনতা তৈরি হয় বা পরিবেশ নষ্ট হয়ে যায়, সেখানে তার প্রভাব পড়ে ছবির কাজের উপরেও।’
শাহনাজের অভিনয়জীবনের শুরু অবশ্য বড় পর্দায় নয়। ২০১৫ সালে পাঞ্জাবি গানের ভিডিওতে তাকে দেখা যায়। এরপর ২০১৭ সালে ‘সৎ শ্রী আকাল ইংল্যান্ড’ ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার।
পরবর্তীতে একাধিক পাঞ্জাবি ছবিতে অভিনয় করেন শাহনাজ। তবে ২০১৯ সালে ‘বিগ বস ১৩’-এ অংশ নেওয়ার পরই সারা দেশে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে।
২০২৩ সালে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় শাহনাজ গিলের।










