বুধবার ৩০ সেপ্টেম্বর, ২০২৬

অভাবের গল্প শুনলেই ভালো লাগত প্রভার, জানালেন নিজেই

বিনোদন ডেস্ক

Rising Cumilla - Sadia Jahan Prova
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা/ছবি: সংগৃহীত

দেশের আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ে বর্তমানে কিছুটা অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই সরব এই অভিনেত্রী।

সম্প্রতি এক পডকাস্টে নিজের ব্যক্তিগত পছন্দ, বেড়ে ওঠা এবং জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি।

পডকাস্টে নিজের পছন্দের কথা বলতে গিয়ে প্রভা জানান, একসময় তার পছন্দ ছিল গরিব ছেলে। অভাব-অনটন ও সংগ্রামের গল্প শুনতে তার ভালো লাগত বলেও জানান তিনি।

সাদিয়া জাহান প্রভা বলেন, ‘আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল একসময়। আমাকে অভাবের কথা বললে—না খেয়ে ছিলাম, কষ্টে বড় হয়েছি, বাবা-ভাই-বোনদের এভাবে মানুষ করেছে—এসব শুনতে ভালো লাগত। মিথ্যা কথা বললে আরও বেশি দুষ্টু মনে হতো।’

নিজের শৈশব ও বেড়ে ওঠার সময়ের কথাও স্মরণ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, একটা সময় তিনি অনেকটা ‘আলাভোলা’ ছিলেন। এমনকি ঠিকভাবে কথা বলতেও পারতেন না।

প্রভার ভাষ্য, ‘এত কিউট হয়ে আমতা আমতা করে কথা বলতাম। কথা অর্ধেক বোঝা যেত। প্রত্যেকটি জায়গায় আমাদের আত্মীয় থেকে শুরু করে, আমার বাবা-মা—একটা সময় গিয়ে আমি যখন বড় হচ্ছি, আমার বন্ধুদের বাবা-মার অবধি আদর করত। সেজন্য আমার ম্যাচিউরিটি অনেক পরে এসেছে, স্পষ্ট কথা বলতে শিখেছি অভিনয় করতে এসে।’

এদিকে অভিনয়ে অনিয়মিত হলেও নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রভা। সম্প্রতি দুটি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি।

এর মধ্যে একটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমাটির বেশিরভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং চলতি সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া প্রভার হাতে রয়েছে ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি সিনেমা। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

আরও পড়ুন