
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নবনিযুক্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, সরকারে দায়িত্ব নেওয়ার পর মাত্র কয়েকদিন হয়েছে। তাই আগে প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা মূল্যায়ন করা হবে—কোন প্রকল্প জরুরি, কোনটি নয় তা নির্ধারণ করে অপচয় রোধে পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, গৃহায়ণ ও গণপূর্ত খাতে কোনো ধরনের দুর্নীতি ও অপব্যয় হতে দেওয়া হবে না বলে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনি এলাকা কুমিল্লার বরুড়া উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। অতীতে মন্ত্রণালয়ের প্লট বরাদ্দ প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছিল—শীর্ষ পর্যায়ের ব্যক্তি ও কর্মকর্তাদের মাধ্যমে এসব বরাদ্দ বিতর্কিত হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
এ প্রসঙ্গে জাকারিয়া তাহের সুমন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার কারণে অনেক অপ্রয়োজনীয় কাজ কমে গেছে, যা মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও সহজ করেছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী সংসদের লিডার অব দ্য হাউস নির্বাচিত হওয়ার পরই ঘোষণা দিয়েছিলেন—সরকারি প্লট বা শুল্কমুক্ত গাড়ি গ্রহণ করা হবে না। এতে তদবির ও চাপের বাইরে থেকে কাজ করার সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, জাকারিয়া তাহের সুমন কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে জয়লাভ করেন। নির্বাচিত হওয়ার পর এবং মন্ত্রিত্ব পাওয়ার পর প্রথমবার নিজ এলাকায় গেলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা ও শুভেচ্ছা জানান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC