
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার তিতাস উপজেলায় আব্দুল মোতালেব নামের এক মালয়েশিয়া প্রবাসীর ৪০ শতক জমির সবজি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। দীর্ঘ ৩০ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরে এসে নিজের উদ্যোগে গড়ে তোলা বাগানটি নষ্ট হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
উপজেলার মজিদপুর নয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মোতালেব গত বছরের ডিসেম্বরে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। পরিবার নিয়ে সচ্ছলভাবে জীবনযাপন করার লক্ষ্যে তিনি তাঁর শ্যালকের ৪০ শতক জমিতে প্রায় ৮০ হাজার টাকা খরচ করে একটি সবজি বাগান তৈরি করেন। লাউ, কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা, শসা, করলাসহ প্রায় ১০ রকমের সবজি চাষ করেছিলেন তিনি। স্ত্রী ও সন্তানদের নিয়ে কঠোর পরিশ্রমে সবজি গাছগুলো বড় করে তুলেছিলেন, এবং ইতিমধ্যেই সেগুলোতে ফুল ও ফল আসা শুরু হয়েছিল।
কিন্তু গত রোববার গভীর রাতে দুর্বৃত্তরা বাগানের প্রতিটি সবজি গাছ গোড়া থেকে কেটে ফেলে। সোমবার সকালে মোতালেব ও তাঁর স্ত্রী বাগানে পরিচর্যার জন্য গিয়ে দেখেন তাঁদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। কে বা কারা এমন জঘন্য কাজ করেছে এবং কী কারণে করেছে, তা তাঁরা বুঝে উঠতে পারছেন না।
এই ঘটনায় আব্দুল মোতালেব সম্পূর্ণ হতাশ হয়ে পড়েছেন। তিনি বলেন, “আমার বিরাট সর্বনাশ হয়ে গেলো। যে স্বপ্ন নিয়ে সবজি ক্ষেত করেছিলাম, তা শত্রুরা ভেঙে দিয়েছে।” তিনি প্রশাসনের কাছে এই ঘটনার বিচার চেয়ে আইনের আশ্রয় নেওয়ার কথা জানিয়েছেন।
খবর পেয়ে স্থানীয় পাড়া-প্রতিবেশীরাও বাগানের এমন অবস্থা দেখে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। গ্রামবাসীরা বলেন, শত্রুতা থাকলে মানুষের সঙ্গে থাকতে পারে, কিন্তু ফসলের সঙ্গে এমন নির্মম আচরণ খুবই ন্যাক্কারজনক। তাঁরা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC